পাপুয়া নিউগিনিতে ছাত্র আন্দোলনে পুলিশের গুলি, নিহত ৪

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৬:৫৫
পাপুয়া নিউগিনিতে প্রধানমন্ত্রী পিটার ও'নেইলের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
 
গার্ডিয়ান অনলাইনের খবরে জানানো হয়, নিজেদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজধানী পোর্ট মোরেসবিতে অবস্থিত পার্লামেন্টের দিকে অগ্রসর হয় ছাত্ররা। এসময় হঠাৎ গুলি শুরু করে পুলিশ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত পাঁচ সপ্তাহ ধরে ক্লাশ বর্জন করে বিক্ষোভ করছে ছাত্ররা।
 
ছাত্রদের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করছে পুলিশ। তারা বলছে, ছাত্রদের সতর্ক করতে ফাঁকা আওয়াজ করা হয়েছিল মাত্র। আর প্রধানমন্ত্রী পিটার ও'নেইলও দুর্নীতির বিষয়টি অস্বীকার করে আসছেন।
 
বিবিসি স্থানীয় একটি ভিডিও ফুটেজ দেখে জানায়, ক্যাম্পাসে গুলি ও টিয়ার গ্যাস ছোড়া হলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় প্রচুর মানুষ সেখানে ছিল।
 
পোর্ট মোরেসবির এক মেডিকেল কর্মকর্তা রয়টার্সকে জানায়, গুরুতর আহত অবস্থায় ১০ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আহত বেশ কিছু শিক্ষার্থীকে সেখান থেকে নিয়ে যাওয়ার ছবি দেখা যায়।