পর্তুগালে মায়ের 'মস্তিষ্কের মৃত্যু' ঘটার চারমাস পরও জন্ম নিল সুস্থ এক শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীর মস্তিষ্কের মৃত্যু ঘটেছিল প্রায় চার মাস আগে। বিবিসি বলছে, সিজারিয়ান সেকশনে ৩২ সপ্তা পর ছেলেশিশুটির জন্ম হয়। তার ওজন ২ দশমিক ৩ কেজি।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ওই শিশুর মাকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ‘ব্রেইন ডেড’ ঘোষণা করা হয়েছিল। গর্ভবতী ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষার মাধ্যমে দেখা যায় শিশুর ভ্রুণটি বেশ সুস্থ রয়েছে। এরপর পিতার সম্মতি নিয়ে শিশুর মাকে ওই হাসপাতালেই বিশেষ ব্যবস্থায় রেখে দেওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, মঙ্গলবার জন্ম নেওয়া শিশুটির স্বাস্থ্য বেশ ভালো। তবে শিশুটির মা লাইফ সাপোর্টে রয়েছেন কিনা এ ব্যাপারে কিছু জানাননি তারা। মায়ের মস্তিষ্ক মৃত ঘোষণার পরও কোনো শিশুকে দীর্ঘ সময় গর্ভে রেখে জন্ম দেওয়ার ক্ষেত্রে পর্তুগালে রেকর্ড এটি।
জানুয়ারিতে পোল্যান্ডের ওরোক্লতে মায়ের মস্তিষ্কের মৃত্যুর ৫৫ দিন পর এক শিশুর জন্ম হয়। ওই নারীর মস্তিষ্কে টিউমার হয়েছিল। জন্মের সময় শিশুটির ওজন ছিল মাত্র ১ কেজি। এপ্রিলে তাকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বিডি নিউজ।
