বানরের কারণে ৩ ঘণ্টা বিদ্যুৎহীন কেনিয়া

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৯:৩১
কেনিয়ায় একটি বানরের কারণে তিনঘণ্টারও বেশি সময় অন্ধকারে ঢাকা পড়েছিল গোটা কেনিয়া। মঙ্গলবার বানরটি একটি পাওয়ার স্টেশনের ছাদে উঠে ট্রান্সফরমারের ভেতর পড়ে গেলে এ ঘটনা ঘটে।
 
বিদ্যুৎ উৎপাদন কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি বানর কেনিয়ার মধ্যাঞ্চলের গিতারু পাওয়ার স্টেশনের ছাদে উঠে এবং একটি ট্রান্সফরমারের উপর পড়ে গিয়ে সেটার ভেতর আটকে যায়। এ কারণে স্টেশনের অন্যান্য যন্ত্রপাতি ঠিকমত কাজ করতে পারেনি। যার ফলে প্ল্যান্টটি থেকে প্রায় ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়। এতে ওভারলোডের কারণে শেষ পর্যন্ত সারা দেশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
 
ট্রান্সফরমারে আটকে পড়া বানরটির ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। কোম্পানির পক্ষ থেকে এ দুর্ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুরো বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎবাহী তার দিয়ে ঘেরা রয়েছে। নিউইয়র্ক টাইমস।