নারায়ণগঞ্জে মেয়র আইভীর বিরুদ্ধে স্মারকলিপি

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০১:০১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে জামায়াত-বিএনপির সাথে সখ্যতা ও নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জের সকল শ্রেণি-পেশার প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজের ব্যানারে’ ঐ স্মারকলিপি প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে নাগরিক সমাজের পক্ষে প্রেস ব্রিফিং ও স্মারকলিপি পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

প্রধানমন্ত্রীকে দেয়া ঐ স্মারকলিপিতে মেয়র আইভীর বিরুদ্ধে চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও কলেজ ছাত্রী তনু হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে সরকারকে বিব্রত ও প্রশ্নবিদ্ধ করার অভিযোগ আনা হয়। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার হিসেবে পরিচিত ওসমান পরিবার নিয়ে মেয়র আইভীর দেয়া ‘অশালীন’ বক্তব্যেরও প্রতিবাদ জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী সমিতি, সরকারি আইন কর্মকর্তাগণ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ), শিক্ষক সমিতি, ইমাম সমিতি, জেলা ও ৫টি উপজেলা পূজা উদযাপন কমিটি, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় ও স্থানীয় ব্যবসায়ী সংগঠন, সিটি করপোরেশনের প্যানেল মেয়রসহ ২৪ জন কাউন্সিলর, জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, নারায়ণগঞ্জ ক্লাব, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ২২ জন চেয়ারম্যান, বিভিন্ন সাংবাদিক সংগঠন, পত্রিকা মালিক সমিতি, ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনসহ ২১ শ্রেণির কয়েক হাজার মানুষ।

স্মারকলিপি প্রদানকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র মতিউর রহমান মতিসহ ২৪ জন কাউন্সিলর, ২২ জন ইউপি চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত সহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ড. শিরিন বেগম, মহানগর মহিলা লীগের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।