নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপিতে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি, যুবদল নেতাসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরাজিত চেয়ারম্যানের ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সরকারি লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রসংসদের সাবেক ভিপি বিএনপি নেতা এটিএম শফিকুল ইসলাম সবুজ, পলাশ শেখ, মোক্তার শেখ, সফি শেখ, আশরাফ মল্লিক (মল্লিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক), আলমগীর মল্লিক, আনোয়ার মল্লিক, মিরাজ মল্লিক, লিকু শেখসহ অজ্ঞাতরা।
এজাহারের বিবরণ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, মল্লিকপুর ইউপিতে গত ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহিদুর রহমান শহীদ (নৌকা প্রতিক) প্রতিপক্ষ প্রার্থীর কাছে পরাজিত হন। গত ৫ জুন রাত দেড়টার দিকে শহীদের বাড়িতে উপস্থিত হয়ে শহীদ ও তার ভাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসন্ন লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফকে হত্যার উদ্দেশ্যে ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা ঘর থেকে বের হয়ে বাইরে আসার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাণ রক্ষায় এসময় শহীদ লাইসেন্সকৃত শটগানের ১১ রাউন্ড এবং পিস্তলের ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন পাটোয়ারী জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।
