পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে চীনের নৌবাহিনীর একটি জাহাজ প্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। টোকিওতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে ডেকে এই প্রতিবাদ জানানো হয়। জাপানের সরকারের পক্ষ থেকে একথা বলা হয়েছে। উল্লেখ্য, সেনকাকু নামে যে দ্বীপপুঞ্জের কাছে চীনা জাহাজটি প্রবেশর অভিযোগ করা হয়েছে, আগামীকাল শুক্রবার থেকে সেখানে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের যৌথ সামরিক মহড়া শুরু হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে প্রথমবারের মতো চীনা নৌবাহিনীর একটি জাহাজ বিরোধপূর্ণ এলাকাটিতে প্রবেশ করে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘স্থানীয় সময় ভোর পাঁচটায় (গ্রিনিচ মান সময় ১৫৩০) চীনা নৌবাহিনীর একটি জাহাজ সেনকাকু দ্বীপপুঞ্জের চারপাশে আমাদের যে জলসীমা রয়েছে, সেখানে প্রবেশ করে।’
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, একই সময়ে ওই এলাকায় রুশ নৌবাহিনীর জাহাজও দেখা গেছে। পরে চীনা জাহাজ প্রবেশের প্রতিবাদ জানাতে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী আকিতাকা সাইকি জাপানে চীনের রাষ্ট্রদূত চেং ইয়োংহুয়াকে ডেকে পাঠান। এর আগে ২০১২ সালে টোকিও এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপকে ‘জাতীয়করণ’ করার পর চীনের সঙ্গে জাপানের সম্পকের্র অবনতি ঘটে।
