জামিন পেলেন বাফুফের কিরণ

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০০:৪০

প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে দায়েরকৃত মানহানির মামলায় জামিন পেয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী আগামী ২ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

গত ৮ মার্চ বাফুফে দপ্তরে এক সংবাদ সম্মেলনে মাহফুজার দেয়া বক্তব্যের সূত্র ধরে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। ১৬ মার্চ এই মামলায় তিনি গ্রেপ্তার হন। পরে তাকে কারাগারে পাঠায় আদালত। গতকাল আদালতে জামিন চেয়ে আবেদন করেন কিরণ। তার পক্ষে আইনজীবী লিয়াকত হোসেন শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।