মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে হত্যা চেষ্টা অভিযোগে দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব দোষী সাব্যস্ত হয়েছেন।
গত বছর ২৮ সেপ্টেম্বর প্রসিডন্টকে বহনকারী নৌকায় রহস্যময় এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। কিন্তু বিস্ফোরণে তার স্ত্রী, এক সহকারী ও এক দেহরক্ষী আহত হন।
বিস্ফোরণের পরপরই এ ঘটনায় আদিব জড়িত বলে গুঞ্জন শুরু হয়। মালদ্বীপের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট মারা গেলে, অক্ষম হয়ে পড়লে বা পদত্যাগ করলে ভাইস-প্রেসিডেন্ট তার স্থলাভিষিক্ত হবেন। ঘটনার পরপরই নিজ সরকারের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ইয়ামিন।
বৃহস্পতিবার আদিবকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একদিন পরই শুক্রবার আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আরও ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। বিবিসি
