ভারতের বিখ্যাত ব্যবসায়ী মুকেশ আম্বানি ছোট ভাই অনিল আম্বানির জন্য অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক সময় ব্যবসায়িক প্রতিযোগিতায় ছোট ভাই অনিল আম্বানিকে পথে বসিয়েছিলেন মুকেশ। অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, ব্যাংকের পাওনা না দিতে পারলে অনিলকে জেলে যেতে হয়। কিন্তু তা কি করে হয়? তাদের মধ্যে যে রক্তের বন্ধন আছে। ভাইয়ের বিপদে তাই সবার আগে এগিয়ে এলেন বড় ভাই মুকেশ আম্বানি। ছোট ভাইয়ের আট কোটি মার্কিন ডলারের (সাড়ে ৫ বিলিয়ন রুপি) ঋণ তিনি শোধ করে দিলেন।
অনিল আম্বানি আগের থেকেই টেলি কমিউনিকেশন্স ব্যবসার সাথে জড়িত ছিলেন। কিন্তু ২০১৬ সালে মুকেশ আম্বানি এ ব্যবসায় এসে অনিল আম্বানির কোম্পানিকে তীব্র প্রতিযোগিতার মধ্যে ফেলে দেন। এক পর্যায়ে অনিল ঋণখেলাপি হয়ে পড়েন। গতমাসে ভারতের সর্বোচ্চ আদালত অনিলের কোম্পানিকে সোমবারের মধ্যে আট কোটি ডলার জমা দিতে বলে। আর এটি দিতে না পারলে তিন মাসের জেল খাটার শাস্তিও নির্ধারিত ছিলো। কিন্তু মুকেশ পুরো অর্থ পরিশোধ করে ভাইকে বাঁচিয়েছেন। ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম গতকাল গুরুত্ব দিয়ে সংবাদটি প্রচার করেছে।
