‘শিল্পিত’-এর উদ্যোগে মোহাম্মদ আলী স্মরণ

আপডেট : ১১ জুন ২০১৬, ১১:১৮
 
বিশ্বখ্যাত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পিত’। গতকাল শুক্রবার শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে মোহাম্মদ আলীর সফর নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়িকা নূতন। বিশেষ অতিথি ছিলেন মতিন বৈরাগী ও সৈয়দ আলী ইমাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওসমান গণি। আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন মুস্তারী খাতুন, হাসিনা মমতাজ, মোহাম্মদ রবিউল, প্রিয়তি পুস্প, ডা. হাফিজ উদ্দীন আহমদ, ওযাহেদ হোসেন, শাহনাজ পারভীন, মোনায়েম হিমু, আমিনা মুনমুন, আবুল কালাম আজাদ প্রমুখ।
 
শিল্পকলায় ‘চারুপাঠ কর্মশালা’ : বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির উদ্যোগে একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় গতকাল একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংস্কৃতির বিভিন্ন বিষয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে যথাক্রমে সঙ্গীত, নৃত্য, নাট্য, আবৃত্তি ও চারুকলার সংগঠক, শিল্পী ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ‘চারুপাঠ কর্মশালা’ আয়োজন করা হয়। বিকালে অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
 
সন্ধ্যায় ‘চারুপাঠ কর্মশালা’ প্রবীণ শিল্পীদের বিষয়ে আলোচনা ও পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ এবং নবীন শিল্পীদের বিষয়ে আলোচনা ও পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন শিল্পী শাওন আকন্দ।