আফগানিস্তানে ভারতীয় বাঙালি নারী অপহৃত

আপডেট : ১১ জুন ২০১৬, ১৮:১৫
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ভারতীয় একজন ত্রাণকর্মী অপহৃত হয়েছে বলে জানিয়েছে ভারত। ভারতের গণমাধ্যমে অপহৃত নারীর নাম জুডিথ  ডি’ সুজা (৪০) এবং তার বাড়ি কলকাতা বলে জানানো হয়েছে।
 
জুডিথ আন্তর্জাতিক সংস্থা আগা খান ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নারী ও শিশুদের উন্নয়নের জন্য কাজ করেন।
 
শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, জুডিথকে কারা অপহরণ করেছে বা কোনো মুক্তিপণ চাওয়া হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
 
টুইটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান, তিনি জুডিথের বোনের সঙ্গে কথা বলেছেন। তাকে সুষমা বলেন, “তাকে (জুডিথ) উদ্ধারের সামান্যতম প্রচেষ্টাও আমরা ছাড়ব না।” “তিনি আপনার বোন এবং ভারতের কন্যা। তাদের উদ্ধারে আমরা সব কিছু করব।”
 
২০১৪ সালের জুনে ভারতের রোমান ক্যাথেলিক যাজক অলেক্স প্রেম কুমারকে আফগান শহর হেরাত থেকে অজ্ঞাত বন্দুকধারীরা অপহরণ করে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তাকে ছেড়ে দেওয়া হয়। কারা তাকে অপহরণ করেছিল এবং কিভাবে তাকে মুক্ত করা হয় সে বিষয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। বিবিসি