স্বাক্ষর সনাক্ত করতে হবে ভেনিজুয়েলার আন্দোলনকারীদের

আপডেট : ১১ জুন ২০১৬, ১৮:৪০
ভেনিজুয়েলার নির্বাচনী সংস্থা জানিয়েছে যে ১৩ লাখ মানুষ প্রেসিডেন্ট মাদুরোর পদত্যাগের দাবিতে গণ স্বাক্ষর করেছেন তাদেরকে স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে তাদের স্বাক্ষর শনাক্ত করতে হবে। এজন্য তারা ২০ জুন থেকে ৫ দিনের সময় পাবেন।
 
বিরোধী দলগুলো বলছে গণভোটের প্রক্রিয়াকে পিছিয়ে দেয়ার জন্য সরকারের পক্ষে কাজ করছে জাতীয় নির্বাচন কাউন্সিল। জনগণের স্বাক্ষর সম্বলিত আবেদনটি গত ২ মে নির্বাচন কর্মকর্তাদের কাছে দেয়া হয়।
 
বিরোধী দলগুলো বলছে তারা গণভোটের জন্য ১৮ লাখ ৫০ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছে। মাদুরোর সরকার বলেছে স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়ায় অনেক জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। আবেদনে অনেক মৃত মানুষ ও শিশুদের নাম এসেছে। জাতীয় নির্বাচন কাউন্সিলের সভাপতি টিবিসে লুসিনা বিষয়টি নিশ্চিত করেছেন। ৬ লাখ স্বাক্ষর বাতিল করে দিয়েছে নির্বাচন কাউন্সিল। বাকি ১৩ লাখ মানুষকে ২০ থেকে ২৪ জুনের মধ্যে তাদের স্বাক্ষর শনাক্ত করতে হবে। বিরোধী দল ভোটারদের স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে স্বাক্ষর শনাক্ত করার আহ্বান জানিয়েছে। বিবিসি