কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হল ভিয়েনা বৈঠক

আপডেট : ১১ জুন ২০১৬, ১৯:৩১
নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে ভিয়েনা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো। দুই দিনব্যাপী এই বৈঠকে ৪৮ দেশের সদস্য অংশ নেয়। কিন্তু কোনো ইতিবাচক সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়।
 
অবশ্য এ ক্ষেত্রে একটি আশার জায়গা রয়েছে। আগামী ২০ জুন সিউলে আরো একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তাই পুরো সিদ্ধান্তের জন্য সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। খরব ভারতীয় গণমাধ্যমের।
 
এনএসজিতে অংশগ্রহণের বিষয়ে সমর্থন আদায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন। সেখানে উঠে আসে নয়াদিল্লির যোগদানের বিষয়ে তারা তাদের সমর্থন দিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র চাইছে অংশীদারী দেশ হিসেবে ভারত এতে আসুক।
 
আমেরিকার ভারতকে একটি দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করে। তাই তাদের প্রবেশকে সবসময়ই স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। এমনই বাস্তবতায় বৃহস্পতিবার শুরু হয় ভিয়েনা বৈঠক। শুরু থেকেই ভারতের পক্ষে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং তুরস্কের মতো যে কয়েকটি দেশ এতোদিন ভারতের মৃদু বিরোধিতা করছিল তারাও শেষ পর্যন্ত ওইদিন ভারতকে স্বাগত জানায়।
 
কিন্তু সবকিছু যখন ঠিকঠাক ঠিক তখনই বাধ সাধে চীন। চীন বলে আসছে ভারত যেহেতু পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে (এনপিটি) সই করেনি, তাই তারা এতে আসতে পারবে না। কেন না এখানে সদস্য লাভের পূর্ব শর্ত হচ্ছে তাকে এনপিটিতে সই করতে হবে।
 
ভারতের দাবি, এনপিটি একটি বৈষম্যমূলক চুক্তি। তাই এতে স্বাক্ষর করার পক্ষে তারা নন। আর যে কারণে এটি সিদ্ধান্তহীন থেকে যায়। পরমাণু জ্বালানি এবং সরঞ্জামের লেনদেন নিয়ন্ত্রণে রাখার জন্য এনএসজিতে ভারত নেই ঠিকই। কিন্তু ওই সংগঠনের সদস্যদের যে সব অধিকার রয়েছে, ভারতকে ইতিমধ্যেই তার অনেক অধিকারই দেওয়া হয়েছে। এনএসজির বাইরে থাকা দেশগুলো পরমাণু প্রযুক্তি এবং পরমাণু জ্বালানির অবাধ লেনদেন করতে পারে না।