প্রেসিডেন্টের ভুয়া সন্তান সাজানোর অভিযোগে বলিভিয়ায় গ্রেফতার ৫

আপডেট : ১২ জুন ২০১৬, ১৭:২২
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের ছেলের ভূমিকায় অপর একজনকে দাঁড় করাতে তাকে প্রশিক্ষণ দেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা একটি ছেলেকে প্রেসিডেন্টের পুত্র সাজানোর প্রশিক্ষণ দিচ্ছিল। এই ভূমিকায় অভিনয় করতে দেয়ার জন্য তারা ওই ছেলের পরিবারকে অর্থও প্রদান করে।
 
রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী রামিরো গুরেরো সাংবাদিকদের বলেন, ‘ছেলেটি বলেছে তারা অভিনয় করার বিনিময়ে তার পুরো শিক্ষার ব্যয় বহন করার প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়া তাকে এক একর জমি ও তার বাবা-মাকে ১৫ হাজার মার্কিন ডলার দিতে চেয়েছিল।’
 
তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি। তবে তারা অবিবাহিত প্রেসিডেন্টের সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা জাপাতার ঘনিষ্ঠ বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।
 
গুরেরো জানান, মোরালেস ও জাপাতার একটি ছেলে ছিল। ছেলেটি ২০০৯ সালে মারা যায়। মোরালেসও স্বীকার করেন, জাপাতার গর্ভে তার একটি সন্তান জন্ম নেয়। তবে জন্মের পরপরই শিশুটি মারা গেছে। তবে জাপাতা সম্প্রতি দাবি করেন, শিশুটি জীবিত রয়েছে।
 
এ প্রেক্ষাপটে আদালত ডিএনএ টেস্টের নির্দেশ দেয়। কিন্তু জাপাতা সরকারি চিকিৎসকরা ভুয়া ফলাফল দেবে এ অভিযোগে তুলে টেস্টের জন্যে শিশুটিকে হাজির করেনি।