বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এম,পি বলেছেন, 'দেশের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত 'মসলিন' কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে তাঁত বোর্ড একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে।
তাঁত বস্ত্রের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাঁতিদের আয় বাড়বে উল্লেখ করে তিনি বলেন, 'দেশের দরিদ্র প্রান্তিক তাঁতিদের আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সহায়তা করছে।'
তিনি রবিবার সকালে সচিবালয়ের মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র শিল্পে মসলিন প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট সচিব এম এ কাদের সরকার, তাঁত বোর্ডের চেয়ারম্যান জসীম উদ্দিন আহম্মেদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. রেজাউল কাদের, আবু ছাইদ শেখসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মির্জা আজম তাঁতি সমাজকে পুনর্বাসন করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নত করার আশাবাদ প্রকাশ করেন। সভায় জানানো হয়, চলতি বছরের ২ জুন প্রায় ৩৭১ জন তাঁতির মধ্যে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
