কালো বেড়াল রাস্তা পার করলে অনেকেই সংস্কারবশে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু, গাড়ির বনেটে যদি কাক এসে বসে! তা হলে কি গোটা গাড়িটিই বদলে নয়া গাড়ি কিনবেন? অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে কর্নাটকে। তবে কোনও আম আদমি নন, গত সপ্তাহেই এমন ঘটনা ঘটিয়েছেন স্বয়ং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
এ নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু তাতে পাত্তা দিয়ে নারাজ তিনি। কয়েকদিন আগে বাসভবন থেকে তৈরি হয়ে নিজের দফতরে যাওয়ার জন্য রওনা দিতে তোড়জোড়র করছিলেন সিদ্দারামাইয়া। গাড়িতে উঠতে যাবেন, হঠাত্ই নজরে এল বনেটে বসে একটা কাক। প্রথমে তিনি নিজে তা তাড়ানোর চেষ্টা করেন, কোনও কাজ না হওয়ায় ডেকে আনেন তাঁর কর্মচারীদের। এক পর্যায়ে কাকটিকে ধরে ফেলে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে জ্যোতিষীকে তলব করেন মুখ্যমন্ত্রী। জ্যোতিষী যখন বলেন, বনেটে কাক বসা অশুভ তখন গাড়ি পাল্টে ফেলেন মুখ্যমন্ত্রী! -আনন্দবাজার
