রাণীনগরে স্কুলের পরিত্যক্ত কক্ষে চলছে পাঠদান

আপডেট : ১৩ জুন ২০১৬, ০১:৫০
রাণীনগর উপজেলার মাধাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোড়াতালি দেয়া পরিত্যক্ত কক্ষে চলছে পাঠদান। বর্তমানে এই বিদ্যালয়ের দুটি ভবনের বেহাল অবস্থা। বিদ্যুত্ ছাড়াই টিনের ছাউনির নিচে গ্রীষ্মের প্রচণ্ড দাপদাহের মধ্যে শিক্ষার্থীদের পাঠ গ্রহণ করতে হয়।
 
পরিত্যক্ত ভবন যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছেন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন মহল। এছাড়াও পরিত্যক্ত মাটির ভবনের পশ্চিম দিকের দেয়াল ভেঙে পড়ায় ভবনের দরজা-জানালা, ছাউনির টিন, শিক্ষার্থীদের ব্রেঞ্চসহ অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট বিভাগকে বার বার অবগত করেও কোনো কাজ হয়নি বলে জানান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ১শ ৫০ জন শিক্ষার্থী প্রতিদিন পাঠ গ্রহণ করছে।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহার আলী জানান, বর্তমানে আমাদের এই বিদ্যাপিঠ নানা সমস্যায় জর্জড়িত। কক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে পরিত্যক্ত মাটির ভবনের একটি কক্ষ সংস্কার করে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিনিয়ত শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে পাঠ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। বিদ্যালয়ে বিদ্যুত্ সংযোগের কোনো ব্যবস্থা না থাকায় গরমের সময় টিনের ছাউনির নিচে ছেলে-মেয়েরা কষ্ট করে ক্লাস করে। এছাড়া বৃষ্টিতে বিদ্যালয়ের প্রধান ভবনের টিনের ছাউনি দিয়ে বৃষ্টি পড়ে। যার কারণে বিদ্যালয়ের আসবাবপত্রসহ জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে।
 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনুর রহমান জানান, বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।