ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে ওমর মতিন নামে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ৫০ জন নিহত হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে ২০১৩ সাল থেকেই মতিন সম্পর্কে জানতেন তারা।
এফবিআইয়ের কর্মকর্তারা বলছেন, ২৯ বছর বয়সী মতিনের মৌলবাদী আদর্শের দিকে 'ঝোঁক ছিল'। তবে তার এই হামলা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্ট কিনা তা এখনো পরিষ্কার নয়। নাইট ক্লাবে জিম্মি নাটক শুরু হওয়ার তিন ঘণ্টা পর মতিনকে গুলি করে হত্যা করে পুলিশ।
রোববার দিবাগত রাতে পালস নাইটক্লাবে তার চালানো হামলাটি আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী গুলিবর্ষণের ঘটনা।
হামলার সময় সে যুক্তরাষ্ট্রে জরুরী সেবা পাওয়ার নম্বর ৯১১-এ কল দিয়ে কথিত ইসলামিক স্টেটের (আইএস) প্রতি তার আনুগত্য প্রকাশ করে। পরবর্তীতে আইএস এক বার্তায় বলে যে তাদের এক 'যোদ্ধা' এই হামলাটি চালিয়েছে, তবে তারা সরাসরি জড়িত ছিল নাকি তাকে উৎসাহ যোগানোর জন্য তারা কৃতিত্ব দাবী করছে সেটি তারা সুনির্দিষ্টভাবে বলেনি। তবে মতিনের বাবার দাবি, 'হামলার সঙ্গে মতিনের ধর্ম বিশ্বাসের কোন সম্পর্ক নেই'। সমকামীদের প্রতি বিদ্বেষ থেকে সে এই হামালা চালায়।
হামলাকারীর বাবা সাদিক মতিন বলেন, কিছুদিন আগে মায়ামিতে দুজন সমকামীকে পরস্পর চুম্বন করতে দেখে সে ক্রুদ্ধ হয়ে উঠেছিল। সে যে হামলার পরিকল্পনা করছে সে বিষয়ে পরিবারের কেউ কিছু আঁচ করতে পারেনি।
