পাকিস্তানের পারমণবিক অস্ত্রের সংখ্যা ভারত, উত্তর কোরিয়া এমনকি ইসরাইলের চেয়েও বেশি। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রির্সাচ ইন্সটিটিউট (এসআইপিআরআই) এই কথা জানিয়েছে।
মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের জনক আবদুল কাদের খান বলেছিলেন, মাত্র ৫ মিনিটের মধ্যে ভারতে হামলা করতে পারবে তার দেশ। তার এই দাবিকে উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় বিশেষজ্ঞরা।এসআইপিআরআই জানিয়েছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১১০ থেকে ১৩০ টি যেখানে ভারতের রয়েছে ১০০ থেকে ১২০টি।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে পারমাণবিক অস্ত্র সংখ্যা কমাচ্ছে। তারা তাদের অস্ত্রগুলো আরো আধুনিক করে তুলছে। অন্যান্য পরমাণু অস্ত্রের মালিক দেশগুলোর পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম। কিন্তু তারা নতুন পরমাণু অস্ত্র তৈরি বা উৎক্ষেপণ পদ্ধতি উন্নয়নের চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়, চীন তার পারমাণবিক সক্ষমতার আধুনিকায়ন করছে। ভারত ও পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে এবং উৎক্ষেপণ পদ্ধতি উন্নয়নের চেষ্টা করছে।
তবে প্রতিবেদনে উ. কোরিয়ার কার্যকর পারমাণবিক অস্ত্র রয়েছে কী না সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।
২০১৬ সালের শুরুর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত পাকিস্তান, ইসরাইল ও উ. কোরিয়ার সব মিলিয়ে ৪ হাজার ১শ২০টি উৎক্ষেপণযোগ্য পারমাণবিক অস্ত্র রয়েছে। সব মিলিয়ে এই দেশগুলোর ১৫ হাজার ৩৯৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১৫ হাজার ৮শ ৫০। এনডিটিভি।
