গুয়ান্তানামো বে সামরিক কারাগার বন্ধের নির্বাহী আদেশ এই মুহূর্তে কার্যকর হচ্ছে না। ওবামা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা কখনোই টেকসই হবে না। এ নিয়ে আলোচনার সঙ্গে নির্ভরযোগ্য একটি সূত্র এটি দাবি করেছে।
ওবামা প্রশাসনের একটি সূত্র দাবি করেছে যে, প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ান্তানামো বে কারাগার বন্ধের যে ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নের সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে আসছে। সে হিসাবে তার অঙ্গীকার পূরণ কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয়ের উদ্রেক হয়েছে। যদিও হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে প্রেসিডেন্ট ওবামা এ ধরনের কোনো সম্ভাবনা বাতিল করে দেননি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটনে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সন্দেহভাজনদের এখানে পাঠানো হতো। ভয়ঙ্কর এ কারাগারে বন্দিদের ওপর চলে অমানুষিক নির্যাতন। আর এ কারণেই এ বন্দিশালা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এ সবের বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর তিনি ঘোষণা দিয়েছিলেন যে, ভয়াবহ এ বন্দিশালাটি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এরই মধ্যে এটি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠে। খোদ ওবামা প্রশাসন থেকেই এ প্রশ্ন উঠেছে। এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল, গুয়ান্তানামো বে কারাগার বন্দের কাজ প্রায় শেষ প্রান্তে।
হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট তখন বলেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই করা হবে। ওই কারাগার থেকে ১২২ জন বাদে বাকি সব কারাবন্দিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮ সালে প্রথম দফায় নির্বাচিত হওয়ার দুই মাসের মাথায় ২০১০ সালের মধ্যে এটি বন্ধের নির্দেশনা দিয়েছিলেন। তবে কংগ্রেসের বিরোধিতার মুখে তা সম্ভব হয়নি।
