রাজশাহীতে বিএনপি নেতাসহ দুইজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৩:৫৬
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
 
আজ মঙ্গলবার সকালে নগরীর রাজপাড়া থানার চণ্ডীপুর থেকে আহসান হাবিব আপেল নামে এক যুবক ও বাগমারা উপজেলার হামিরকুৎসায় পুকুর থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা আলতাব আহমেদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
 
হামিরকুৎসার আলতাব হোসেন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। আলতাব হামিরকুৎসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এসব তথ্য জানান। 
 
অন্যদিকে, নগরীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, চণ্ডীপুর এলাকায় মঙ্গলবার ভোরে আহসান হাবিবকে কুপিয়ে হত্যা করা হয়। তার ঘাড় ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।