‘সমকামী বিরোধী’ মন্তব্য করায় মেক্সিকোর কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৬:১০
ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের একটি নাইটক্লাবের হত্যাযজ্ঞের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমকামী বিরোধী মন্তব্য করায় মেক্সিকোর এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
 
অরল্যান্ডোর সমকামীদের ক্লাব পালসে মার্কিন বন্দুকধারী ওমর মতিনের নির্মম হামলায় ৫০ জন নিহত হয়। পরে পুলিশের অভিযানে মতিন নিহত হয়। তবে সরকার সমকামী বিরোধী এ মন্তব্যের ব্যাপারে কিছু উল্লেখ না করলেও বিভিন্ন সংবাদপত্র জানায়, ওই কর্মকর্তা ফেসবুকে বলেন, ‘হামলায় মাত্র ৫০, কেন ১শ’ জন নিহত হয়নি।
 
সরকারি এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের উন্নয়ন ও সামাজিক সংহতি সংস্থার সমন্বয়ক জোসে ডি জেসাস মানজো কোরোনাকে গভর্নর অ্যারিস্টোটেলেস স্যান্ডোভালের সুপারিশে বরখাস্ত করা হয়। বিবৃতিতে বলা হয়, ফ্লোরিডা নগরীর পালস ক্লাবের হত্যাযজ্ঞ নিয়ে মানজো সামজিক যোগাযোগ মাধ্যমে সমকামী বিরোধী মন্তব্য করেন। 
 
স্যান্ডোভাল ওই কর্মকর্তার বরখাস্ত চেয়ে টুইটারে লেখেন এবং বলেন এ ধরণের বিবেকহীন মন্তব্য কোন অবস্থাতেই বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, ওই হামলায় নিহতদের মধ্যে তিনজন মেক্সিকোর নাগরিক রয়েছে। এএফপি।