যশোরে ফের পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ১৫ জুন ২০১৬, ০৯:৪১
 
যশোরে ফের পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মণিরামপুর সড়কের সতীঘাটা বাজারের কাছে কামালপুরে ঘটনাটি ঘটে বলে পুলিশের দাবি।
 
কোতয়ালী থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, ‘একদল ডাকাত সড়কের দুইধারে গাছে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও চার রাউন্ড গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয়। পুলিশের গুলিতে আহত হয়ে এক ডাকাত মাটিতে পড়ে যান। এ সময় সহযোগীরা তাকে ফেলে পালিয়ে যায়। পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়।’ 
 
তবে ওসি নিহত ব্যক্তির নাম জানাতে পারেননি। ঘটনাস্থল থেকে ৪টি গাছিদা, একটি রামদা এবং ডাকাতির কাজে ব্যবহার্য কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।
 
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ইউসুফ আলী বলেন, 'গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ এক যুবককে (২৮) হাসপাতালে নিয়ে আসে। তার ডান কানের কাছে গুলি বিদ্ধ হয়ে মাথার অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে।'  হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয় বলে জানান ডা. ইউসুফ।
 
প্রসঙ্গত, চলতি সপ্তাহজুড়ে প্রায় প্রতি রাতেই যশোরে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে।