গাইবান্ধায় জেএমবি সদস্যসহ গ্রেফতার ৩১

আপডেট : ১৫ জুন ২০১৬, ১২:৩৪
পুলিশের সাঁড়াশি অভিযানে গাইবান্ধায় জেএমবি সদস্য ও বিএনপি-জামায়াতের তিন কর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
 
অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, এদের মধ্যে নাশকতার মামলায় পলাশবাড়ী থানায় বিএনপির এক কর্মী এবং সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ থানায় জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত, চুরি, ছিনতাই, মারপিট, ভাঙচুর ও মাদক মামলায় আরো ২৭ আসামিকে গ্রেফতার করা হয়।
 
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে মানিক হক্কানীকে (২২) গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস দমন ও নাশকতার মামলা রয়েছে।