ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল মিয়া (৩২) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।
পুলিশের ভাষ্য, জীবন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তিনি উপজেলার শাহবাজপুর গ্রামের মহরম আলীর ছেলে। তার বিরুদ্ধে সরাইল ও হবিগঞ্জ মাধবপুর থানায় ৯টি মামলা রয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ডাকাতরা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউরা ব্রিজের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। ডাকাত জীবন গুলিবিদ্ধ হয়ে মহাসড়কের পাশের একটি ঝোঁপে পালিয়ে যায়। পরে পুলিশ ঝোঁপ থেকে গুলিবিদ্ধ অবস্থায় জীবনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় পুলিশ কনস্টেবল আজিজ, রবিউল ও মেহেদী আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
