সিরিয়ার আলেপ্পোয় ৭০ যোদ্ধা নিহত

আপডেট : ১৫ জুন ২০১৬, ১৬:৫৬
সিরিয়ার আলেপ্পো প্রদেশে সরকারি বাহিনী, জিহাদি ও বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৭০ যোদ্ধা নিহত হয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এসব যোদ্ধা নিহত হয়।

বুধবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সরকারপন্থী যোদ্ধারা আলেপ্পো নগরীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জয়তান ও খালাসা গ্রাম পুনর্দখল করে। এ দুটি গ্রামের নিয়ন্ত্রণ হারানোর কয়েক ঘণ্টা পর সরকারি ও রুশ বাহিনীর বিমান হামলার সুবাদে তারা গ্রাম দু’টির পুন:নিয়ন্ত্রণ নেয়।
 
এর পর বুধবার সকালে আল কায়েদার সহযোগী আল নুসরা ফ্রন্ট গ্রামগুলো দখল করার চেষ্টা চালায় বলে সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান। -এএফপি