কেরাণীগঞ্জে ৫ লাখ টাকার সেমাই জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১৫ জুন ২০১৬, ২০:৫৫
ক্ষতিকারক ফেভিকল গাম ও আইকা ব্যবহার করে ও নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুতকৃত পাঁচ লক্ষ টাকার সেমাই ও লাচ্ছা সেমাই জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে ঢাকা জেলা প্রশাসন, ৫-এপিবিএন ও বিএসটি আই, এর যৌথ উদ্যোগে কেরাণীগঞ্জ থানাধীন বড় কুশিয়ারবাগ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, কেরাণীগঞ্জ থানাধীন বড় কুশিয়ারবাগ এলাকায় সোমা ফুড প্রোডাক্টস দীর্ঘদিন যাবত ক্ষতিকারক ফেভিকল গাম ও আইকা ব্যবহার ও নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে এইচ কে লাচ্ছা সেমাই প্রস্তুত করে বিক্রয় করে আসছি। সেমাই তৈরির পরিবেশ অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত । প্রচুর মাছি , তেলাপোকা ও ময়লা আবর্জনা কারখানাটিতে পাওয়া যায়। সাধারণত এ কারখানাটি গভীর রাতে সেমাই প্রস্তুত করে থাকে। অভিযানের সময় মালিক হারাধন কুমার পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয় এবং লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআইকে বলা হয়।
 
IMG0
 
৫-এপিবিএন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটিকে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেমাই তৈরিতে ব্যবহৃত ক্ষতিকারক ফেভিকল গাম ও আইকা উদ্ধার করা হয়। প্রায় পাঁচলক্ষ টাকার ভেজাল সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন ৫-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান ও বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ রেজোয়ানুর রহমান।