ডেসটিনির পরিচালক ফারাহ দিবার বিরুদ্ধে এবার ‘নন-সাবমিশন’ মামলা

আপডেট : ১৫ জুন ২০১৬, ২০:৫২
 
মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী ও ডেসটিনি গ্রুপের পরিচালক ফারাহ দিবার বিরুদ্ধে যথাসময়ে তিনি সম্পদ বিবরণী জমা না দেয়ার অভিযোগে ‘নন-সাবমিশন’ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মো. মোজাম্মিল হোসেন মামলাটি করবেন বলে জানা গেছে।
 
দুদক সূত্র জানায়, প্রতারণার মাধ্যমে চার হাজার কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনসহ ৫১ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। অভিযোগপত্র দাখিলের পর মামলা দুটি এখন বিচারের অপেক্ষায়। ওই প্রতারণা মামলার তদন্তের সময় ফারাহ দিবার নামে বিপুল সম্পত্তির সন্ধান পায় দুদক। পরে তাঁর বিরুদ্ধে আলাদা অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় কমিশন। কিন্তু যথাসময়ে তিনি সম্পদ বিবরণী দুদকে জমা দেননি। এ কারণে কমিশন তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে।