মেঘালয়ে বাস খাদে, নিহত ৩০

আপডেট : ১৫ জুন ২০১৬, ২২:৪০
ভারতের মেঘালয়ে পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাতের ওই দুর্ঘটনায় আরও আটজন গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মেঘালয়ের ডিজিপি রাজিব মেহতা সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত আমরা ৮ জনকে জীবিত এবং ১১টি মৃতদেহ উদ্ধার করেছি। আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের আশঙ্কা দুর্ঘটনায় বাসের অন্তত ৩০ যাত্রী প্রাণ হারিয়েছে। বাসটি রাস্তা থেকে পিছলে ২৫০ ফুটের বেশি গভীর খাদে পড়ে যায়।
 
দুর্ঘটনা কবলিত বাসটি মঙ্গলবার স্থানীয় সময় বিকাল পৌনে ছয়টার দিকে আসাম থেকে গুয়াহাটির দিকে রওনা হয়েছিল। পথে রাত সাড়ে ১০টার দিকে পূর্ব জৈন্তা পাহাড়ের সোনাপুর এলাকায় রাস্তা থেকে পিছলে পার্শবর্তী গভীর গিরিখাতে পড়ে যায়।
 
পূর্ব জৈন্তা পাহাড়ের এডিশনাল এসপি এল সাংমা বলেন, পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ছাড়াও স্থানীয় নিরাপত্তারক্ষী ও গ্রামবাসীরা উদ্ধার কাজে অংশ নিচ্ছে। তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।