ইজিপ্টএয়ার দুর্ঘটনা : ধ্বংসাবশেষ মিলল ভূমধ্যসাগরে

আপডেট : ১৬ জুন ২০১৬, ১০:৪৬
 
প্যারিস থেকে মিশরের কায়রো যাওয়ার পথে ৬৬ যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া ইজিপ্টএয়ারের বিমানের কিছু অংশ ভূমধ্যসাগরে মিলেছে বলে জানালেন মিশরীয় তদন্তকারী দল। বিবিসি তদন্তকারী কর্মকর্তাদের উদ্বৃত্ত দিয়ে জানায়, ধ্বংসাবশেষ পাওয়ার মতো কিছু প্রধান জায়গা চিহ্নিত করা হয়েছে। ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য গভীর সমুদ্রে অনুসন্ধানকারী একটি জাহাজ পাঠানো হয়েছে।
 
গত ১৯ মে প্যারিস থেকে কায়রোর উদ্দেশে ছেড়ে যাওয়া এমএস-৮০৪ ফ্লাইটটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বিমানটিতে ৬৬ জন যাত্রী ও ক্রু ছিলেন।
 
কোনো বিপদসংকেত প্রেরণ ছাড়াই বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। এটি সন্ত্রাসবাদী হামলার শিকার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হলেও কোনো গোষ্ঠী বিমানটি ধ্বংসের দায় স্বীকার করেনি।
 
এদিকে এ মাসের শুরুতে তদন্তকারী একটি দল বিমানটির ব্লাকবক্সের সংকেত পেয়েছে বলে জানায়। বিশেষজ্ঞদের মতে জুন মাসের ২৪ তারিখের মধ্যে ব্লাকবক্স সিগন্যাল পাঠানো বন্ধ করে দেবে। তার আগেই বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে বের করতে হবে। তদন্তকারী দলটি জানায়, বিমানটির ধ্বংসাবশেষ ভূমধ্যসাগরের যে অংশে রয়েছে, তা চিহ্নিত করা হয়েছে এবং গভীর সমুদ্রে জাহাজ পাঠানো হয়েছে। বিবিসি।