চিত্রনায়িকা চম্পা এখন চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দাতেও অভিনয় করছেন। বাংলাভিশনে প্রচারিত হচ্ছে তার অভিনীত ‘সোনালি দিন’ শিরোনামের একটি ধারাবাহিক। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। ধারাবাহিকটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে ‘পাগলের সুখ মনে মনে’ শিরোনামের একটি দীর্ঘ ধারাবাহিকে। এরইমধ্যে এটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। আহসান হাবীব সকালের রচনায় এটি নির্মাণ করছেন রিদম খান শাহিন। এই নাটকে চম্পাকে দেখা যাবে একটি পরিবারের প্রধানের চরিত্রে। যে পরিবারের সব সদস্যই সুখী। তাদের বিভিন্ন মজার ঘটনার মধ্য দিয়ে নাটকটির গল্প এগিয়ে যাবে। চম্পা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, ফারুক আহমেদ, সাব্বির আহমেদসহ অনেকে। আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে এই ধারাবাহিকটি বৈশাখী টিভিতে প্রচার করা শুরু হবে।
