রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসকে ‘হত্যার’ হুমকি দেয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ৪৬৬তম সিন্ডিকেট সভায় তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভাগ সূত্রে ও অভিযোগের ভিত্তিতে জানা গেছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুসতাক আহমেদ সম্প্রতি বিভাগের অ্যাকাডেমিক কমিটির বৈঠকে সহকর্মী সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর মুসতাক আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী দুলাল চন্দ্র। পরে মুসতাক আহমেদও একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গত ৮ জুন বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে দুই শিক্ষকের মধ্যে লিখিতভাবে মীমাংসা হয়ে যায় এবং একটি কপি উপাচার্য বরাবর দেয়া হয়। পরে বুধবার ৪৬৬ তম সিন্ডিকেটে এ বিষয়টি এজেন্ডাভুক্ত করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. আখতার ফারুককে আহ্বায়ক করে আইন অনুষদের ডীন আবু নাসের মো. ওয়াহিদ ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে সদস্য করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আখতার ফারুক বলেন, ‘উপাচার্য বরাবর ওই দুই শিক্ষকের দেয়া পাল্টা-পাল্টি অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুসতাক আহমেদ বলেন, ‘কিছু দিন আগে বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে একটি ঝামেলা হয়েছিল। পরবর্তী বৈঠকে বিষয়টি মীমাংসাও হয়ে যায়। কিন্তু তারপরও কেনো তদন্ত কমিটি গঠন করা হলো সেটা আমার জানা নেই।’ তবে সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
