দেশজুড়ে সপ্তাহব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের শেষ দিনে ২৪ ঘণ্টার ১৭ জঙ্গি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন জেএমবি সদস্য, ৭ জন হিজবুত তাহরীর সদস্য ও ১ জন আনসারুল্লাহ বাংলা টিম জঙ্গি সংগঠনের সদস্য। আজ শুক্রবার পুলিশ হেড কোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা রেঞ্জের মাদারীপুর জেলায় একজন হিজবুত তাহরীর, চট্টগ্রাম রেঞ্জের চট্টগ্রাম জেলায় দুইজন জেএমবি ও একজন হিজবুত তাহরীর, ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজন জেএমবি, রাজশাহী রেঞ্জের নওগাঁ জেলায় ২ জন জেএমবি, খুলনা রেঞ্জের সাতক্ষীরা জেলায় ১ জন জেএমবি, রংপুর রেঞ্জের রংপুর জেলায় ১ জন জেএমবি, গাইবান্ধা জেলায় ১ জন জেএমবি, ঠাকুরগাঁও জেলায় ১ জন জেএমবি, পঞ্চগড় জেলায় ১ জন জেএমবি এবং ডিএমপি, ঢাকায় ১ জন আনসারুল্লাহ বাংলা টিম ও ৪ জন হিজবুত তাহরীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে ১টি পাইপগান, ১টি শুটারগান, ১ রাউন্ড গুলি, ২টি ককটেল, ১টি রামদা, ১টি চাপাতি এবং ১৪টি উগ্রপন্থী বই উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, সাত দিনের জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন জঙ্গি সংগঠনের মোট ১৯৪ জন জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ১৫১ জন জেএমবি সদস্য, ৭ জন জেএমজেবি সদস্য , ২১ জন হিজবুত তাহরীর সদস্য, ৬ জন আনসারুল্লাহ বাংলা টিম সদস্য, ৩ জন আনসার আল ইসলাম সদস্য, ৪ জন আল্লার দল সদস্য, ১ জন হরকাতুল জিহাদ সদস্য ও ১ জন আফগান ফেরত জঙ্গি সংগঠনের সদস্য।
-বাসস
