সামসুজ্জামান পনির
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
গত ১৫ মার্চ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে অগ্নিবীণা ললিতকলা একাডেমির ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানটি ৪ পর্বে ভাগ করা হয়। অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় পর্বে ছিল একাডেমির ছাত্রছাত্রীদের একক সঙ্গীত পরিবেশনা। এতে প্রতিষ্ঠানের ৬৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তৃতীয় পর্বে ছিল সমবেত সঙ্গীত ও নৃত্য। এতে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। ৪র্থ পর্বে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান।
উপজেলার ইছাপুরস্থ সরকারি বিক্রমপুর কেবি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার। প্রতিষ্ঠানের সভাপতি শেখ আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, আওলাদ হোসেন মৃধা, সামসুল হক হাওলাদার, হাজী আ. করিম শেখ, নাসির উদ্দীন ও সুমন মিয়া।
অগ্নিবীণা ললিতকলা একাডেমির পরিচালক মো. এজাজ হোসেন খানের পরিচালনায় একাডেমির ছাত্রছাত্রীদের সুসজ্জিত মঞ্চে সুললিত কণ্ঠে গান ও নৃত্যে মোহিত হন উপস্থিত দর্শক-শ্রোতারা।
