গুপ্তহত্যা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংখ্যালঘু হত্যাসহ সকল গুপ্তহত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই আহ্বান জানান।
গুপ্তহত্যা বন্ধে ধর্মীয় নেতাদের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, 'পৃথিবীর কোন ধর্মেই হত্যাকাণ্ড সমর্থন করেনা। যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ নেয়ার জন্যই সারাদেশে গুপ্তহত্যা চালানো হচ্ছে।'
সারাদেশে গুপ্তহত্যা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার বলেন, 'ধর্মের নামে যারা নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, তাদের প্রতিহত করতে দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। গুপ্তহত্যা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো দরকার। গুপ্তহত্যা বন্ধে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে হবে।'
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ এবং বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে গুপ্তহত্যা চালানো হচ্ছে। চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধে সাধারণ মানুষ, রাজনৈতিক ও ধর্মীয় নেতাসহ সবাইকে সোচ্চার হতে হবে। এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
