‘‘বাংলাদেশে বেকার সমস্যার মহামন্দার কাল বিরাজ করছে। দিনে দিনে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। নানা সামাজিক সুরক্ষা কর্মসূচীর পরেও এখনো ভিক্ষাবৃত্তি বাড়ছে। লাখ লাখ লোক বস্তিতে বসবাস করছে যারা সামাজিক সুরক্ষা বলয়ের বাইরে রয়েছে। এখনো প্রান্তিক জনগোষ্ঠী অনিরাপদ পানি, আর্সেনিক এবং লবণাক্ততার সমস্যার সম্মুখীন। দরিদ্র জনগোষ্ঠীকে পুরোপুরি সামাজিক সুরক্ষা বলয়ে আনা এখনো সম্ভব হয়নি। আমাদের দারিদ্র বিমোচন নিয়ে আত্মতুষ্টির অবকাশ নেই।’’
শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘প্রান্তজনের সামাজিক সুরক্ষা: অর্জন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে ড. আকবর আলী খান এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারপারসন হাসান আহমেদ চৌধুরী কিরণ।
রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এই গোলটেবিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ও প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব ড. এএসএম আতীকুর রহমান, সেন্টার ফর ডেভেলপমেন্ট ডায়লগ-এর মহাসচিব ড. এস এম মোর্শেদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী তুহিন এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খান।
ড. আকবর আলী খান বলেন, যদিও আওয়ামী লীগ এবং বিএনপি দুই সরকারই সামাজিক সুরক্ষা কর্মসূচীকে গুরুত্ব দিয়েছে, তবুও এখনো এ কর্মসূচী পুরোপুরি সফল হয়নি। সামাজিক সুরক্ষার বিষয়টি ১৯৯৬ সালে বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকার পরেও আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনের পর এ কর্মসূচীর গুরুত্ব অনুধাবন করে এর কার্যক্রম শুরু করে।
