ভালুকায় বনভূমি দখল করে নির্মাণ হচ্ছে কোচিং সেন্টার

আপডেট : ১৯ জুন ২০১৬, ০২:০৮
ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের আওতাধীন সরকারি বনভূমি দখলের অভিযোগ উঠেছে। প্রায় কোটি টাকা মূল্যের ১০ কাঠা জমি স্থানীয় রুস্তম আলী ও আনিসুর রহমান আনিস নামের দুই ব্যক্তি কোচিং সেন্টারের নাম ভাঙিয়ে দখলের চেষ্টা করছে বলে জানায় স্থানীয়রা।
 
ভালুকা উপজেলার হবিরবাড়ী মৌজার ১১০ নং দাগে থাকা এ জমিতে ইতোমধ্যেই কোচিং সেন্টারের জন্য ঘর নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ চললেও রহস্যজনক কারণে স্থানীয় বনবিভাগ ওই অবৈধ দখলের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে জানা যায়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ‘রুস্তম ও আনিস মোটা অংকের টাকা দিয়ে বনবিভাগের লোকজনকে ম্যানেজ করে ওই জায়গা দখল করেছে। এ ব্যাপারে অভিযুক্ত রুস্তম আলী বলেন, বন বিভাগের দাবি থাকলেও আমার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করছি ও এ জমি অবমুক্তির জন্যে আবেদনও করেছি। ওই কোচিং সেন্টারের শিক্ষক আনিসুর রহমান জানান, আমি কোচিং সেন্টারের জন্য রুস্তম আলীর নিকট থেকে ওই জায়গা ভাড়া নিয়েছি। বনের দাবি আছে কি নাই, সেটা আমার দেখার বিষয় না। তাছাড়া বনবিভাগের সাথে যোগাযোগ করেই ঘর নির্মাণ করা হচ্ছে।
 
হবিরবাড়ীর বিট অফিসার শরীফুর রহমান খান চৌধুরী জানান, একাধিকবার বাধা দেয়ার পরও তারা আমলে নিচ্ছে না। এ ব্যাপারে খুব দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ভালুকা রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মদ খান জানান, আমরা স্থাপনা নির্মাণে বাধা দিয়েছি। কোনো অবস্থাতেই বনের জমিতে স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না।