উত্তরায় খালে আরো ৩২টি ম্যাগজিন উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৩:১৭
 
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর খালে দ্বিতীয় দিনের অভিযানে আরো ৩২টি ম্যাগজিনসহ একটি কার্টনভর্তি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার বেলা ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়
 
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হক বলেন, ডুবুরি ইউসুফ ৩২টি ম্যাগাজিন ভর্তি একটি কার্টন উদ্ধার করেছেন। ঘটনাস্থলে ছয়জন ডুবুরি তল্লাশি কাজে নিয়োজিত আছেন।
 
শনিবার দিয়াবাড়ী খাল থেকে ১০৮টি চাইনিজ পিস্তল, ২১৭টি এসএমজির ম্যাগাজিন, এক হাজার রাউন্ড গুলি ও ১১টি বেয়নেট উদ্ধার করা হয়েছে। এগুলো সাতটি কাপড়ের ব্যাগে রাখা ছিল। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
পুলিশ দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশ জানতে পারে যে ওই খালে অস্ত্রশস্ত্র রয়েছে। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঐ খাল থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সাঁড়াশি অভিযানের কারণে হয়তো সন্ত্রাসীরা এসব অস্ত্রশস্ত্র আড়াল করতে খালে ফেলে দিয়েছে। এটির সঙ্গে দেশীয় বড় ধরনের সন্ত্রাসী চক্র অথবা জঙ্গি গ্রুপ জড়িত থাকতে পারে। অস্ত্র উদ্ধারের এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড়। ছোট আগ্নেয়াস্ত্রের এটি সবচেয়ে বড় চালান। এর আগে দেশে এত সংখ্যক ছোট আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেনি।