স্পোর্টস রিপোর্টার
বিসিবি একাডেমির নেটে গত এক সপ্তাহ বেশ স্বাবলীলভাবেই ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে পাওয়া আঙুলের চোটটা সেরে গেছে। মাঠে ফেরার কাছাকাছি চলে এসেছেন তিনি। চিকিত্সকদের দেয়া ডেডলাইনও গতকাল (২০ মার্চের আগে ম্যাচ খেলা নয়) শেষ হয়েছে।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তার খেলার সম্ভাবনাও নেই। তাই সাকিবের নিশ্চিত গন্তব্য এখন আইপিএল। আগামী ২৩ মার্চ শুরু হতে চলা আইপিএলে খেলতে আজই ঢাকা ছেড়ে যাওয়ার কথা এই বাঁহাতি অলরাউন্ডারের। ঢাকা থেকে কলকাতাই যাবেন তিনি। আইপিএলে তার দল সানরাইজার্স হায়দরাবাদও আসছে কলকাতায়। আগামী ২৪ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে হায়দরাবাদ।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গতকাল বলেছেন, ফিট হয়েই আইপিএল খেলতে যাচ্ছেন সাকিব। নির্দিষ্ট দিনক্ষণ না বললেও তিনি বলেছেন, আইপিএল শুরুর আগেই দেশ ছাড়বেন এই বাঁহাতি ক্রিকেটার।
সাকিব কবে ভারতে যাচ্ছেন জানতে চাইলে গতকাল মিরপুর স্টেডিয়ামে আকরাম খান বলেছেন, ‘আইপিএলেরটা আমি জানি না। তবে নিশ্চিতভাবে শুরু হওয়ার আগে তো যাবেই। ডাক্তারের যেই পরামর্শ ছিল ২০ তারিখ পর্যন্ত খেলতে পারবে না, ইদানীং তো প্র্যাকটিস করছে সে। আমার মনে হয় ওর ফিটনেসটা, গত সাত দিন প্র্যাকটিস করেছে, ব্যাটিং, বোলিংও করেছে। আজকে (গতকাল) তো তারিখটা হয়ে গেছে, তাই সে এখন ফিট।’
আইপিএল খেলার জন্য বিসিবির ছাড়পত্র অনেক আগেই পেয়ে গেছেন সাকিব। বিসিবি সেটি তার কাছে হস্তান্তরও করে রেখেছে। আইপিএল খেললেও এই অলরাউন্ডারকে সতর্ক থাকতে হবে। টানা খেলার কারণে ইনজুরির ঝুঁকি কম নয়। সামনে যেহেতু বিশ্বকাপ সেহেতু তাকে ঘিরে চিন্তা থাকবেই বিসিবির।
আকরাম খান বলেছেন, ‘আমরা তো ওর ইনজুরিতে কোনোদিন খুশি হতে পারি না। এখন যেহেতু সে খেলছে, আমাদের মাথায় সবসময় থাকে সে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। সে আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেদিকে আমাদের চিন্তা থাকবে। যতটুকু পারে ঝুঁকি কম নিলে ওর জন্য ভালো হবে।’
বিসিবির এই পরিচালকের আশা, সাকিব নিজেই নিজের তদারকি করবেন। আকরাম খান বলেছেন, ‘ফিট না হলে খেলবে না এইসব যেন বলে দেয় ফ্র্যাঞ্চাইজিকে। আমি নিশ্চিত সে নিজেরটা নিজে খুব ভালো বুঝে। সে নিজে খুবই যত্ন করছে, এক মাস দেখলাম। লম্বা একটা ক্যারিয়ারে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকেই।’
