বানারীপাড়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত

আপডেট : ২৪ জুন ২০১৬, ১৩:৫০
বরিশালের বানারীপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত দুলাল মৃধা (৩৫) আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। এ সময় গুলি ভর্তি দুইটি পাইপগান, আট রাউন্ড শটগানের গুলি, একটি ছোড়া, একটি রামদা, একটি শাবল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গাপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামে বালুর মাঠ সংলগ্ন বাগানে ডাকাত ধরতে অভিযানে যায় পুলিশ। তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তখন গুলিবিদ্ধ হয়ে দুলাল  নিহত হন। তিনি বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের চন্দ্রিপুর গ্রামের ইসমাইল হোসেন মৃধার ছেলে।
 
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিমানবন্দর ও বাকেরগঞ্জ থানাসহ বরিশালের বিভিন্ন থানায় নারী নির্যাতন, হত্যা ও ডাকাতির আটটি মামলা রয়েছে।
 
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।