ডাকাতির নামে রড বোঝাই ট্রাক আত্মসাতের চেষ্টা, আটক তিন

আপডেট : ২৪ জুন ২০১৬, ১৪:৪৭
ফরিদপুরের মধুখালী থানা পুলিশ মহাসড়ক থেকে রড বোঝাই ট্রাক ডাকাতি ও ডাকাতির মালামাল রাখার অভিযোগে তিনজনকে আটক করেছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ট্রাক ও রড উদ্ধার করা হয়। আটকরা হলেন, ট্রাক চালক বাচ্চু মোল্লা (২৫), হেলপার মো. শিমুল (২২) এবং গুদাম মালিক মনিরুল ইসলাম বিশ্বাস (২৮)।
 
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, চট্রগ্রামের আবুল খায়ের স্টিল মিল থেকে ২০ টন রড নিয়ে ঝিনাইদহের আফতাব ট্রেডার্সের উদ্দেশে রওনা হয় একটি ট্রাক। মঙ্গলবার রাতে ট্রাকটি রডসহ ডাকাতি হয় বলে দাবি করেন চালক ও সহযোহী। এ ঘটনায় বুধবার রাতে বিসমিল্লাহ ট্রেডার্সের ম্যানেজার আব্দুর রব মাতুব্বর বাদী হয়ে মধুখালী থানায় একটি ডাকাতি মামলা করেন।IMG0
 
তিনি জানান, পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে চালক ও হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির নামে মালামাল আত্মসাতের কথা স্বীকার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মাগুরার গাবতলা বাজারের মনিরুল ইসলামের গুদাম থেকে রড উদ্ধার করা হয়। কামারখালী পুরাতন ফেরিঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রড বহনকারী ট্রাকটি উদ্ধার করা হয়। এছাড়া পুলিশ ডাকাতি হওয়া অন্য একটি সোয়াবিন তৈল বহনকারী ট্রাকও উদ্ধার করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়।