জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, এখন দেশে আল্লাহর রহমতে কাজ করার উপযোগী সময় বিরাজ করছে। কাজের এই ইতিবাচক সময়কে সদ্ব্যবহার করে মানুষের ভাগ্য পরিবর্তনের ধারাকে আরো বেগবান করতে হবে। সময়ের সঠিক ব্যবহারই হচ্ছে নেতৃত্বের যোগ্যতা। তিনি গতকাল শুক্রবার পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা পরিষদ চত্বরে চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০১৬ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, বাংলাদেশে কৃষি খাতে বর্তমান সময়সহ অতীতকাল থেকে ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ায় আমরা আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছি। এমনকি আমাদের দেশ থেকে বিদেশেও খাদ্য রফতানি করা হয়। অথচ এক সময় আমরা খাদ্য ঘাটতির দেশ হিসেবে বিশ্বে পরিচিত ছিলাম। কৃষি উত্পাদন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংযোজিত হওয়ায় দেশের এই অগ্রগতি। আমাদের মনে রাখতে হবে সমাজে হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদ, হানাহানি-মারামারি জাতীয় অগ্রগতির পথকে রুদ্ধ করে। এই অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় এক সময় সামাজিক-রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা-বিশৃঙ্খলা, অশান্তি বিরাজমান ছিল। যা রাজনৈতিক স্থিতিশীলতা স্থাপনের কারণে দূর হয়েছে। ঐক্যবদ্ধ পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও কাজের ইতিবাচক অবস্থা প্রতিষ্ঠিত হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি হয়েছে। যে কোনো মূল্যে জনগণের এই প্রত্যাশা, বিশ্বাস ও আস্থা অক্ষুণ্ন রাখতে হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী পর্বে জিয়ানগরের ইউএনও মৃধা মোঃ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিতি ছিলেন পিরোজপুরের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অমিতাভ মণ্ডল, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, আওয়ামী লীগের উপজেলা সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, জাতীয় পাটি-জেপি’র উপজেলা আহ্বায়ক আসাদুল কবির তালুকদার স্বপন প্রমুখ। মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
মন্ত্রী গতকাল জিয়ানগর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচিতে অংশ নেন। মন্ত্রী বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তার ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দুস্থদের মাঝে এবং ধর্ম মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করেন। এ ছাড়া ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ঢেউটিন এবং অর্থে চেক উপকার ভোগীদের মাঝে বিতরণ করেন। মন্ত্রীর উপস্থিতিতে দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বালিপাড়া ইউনিয়নের হাইস্কুল মাঠ, উপজেলা পরিষদ প্রাঙ্গণে পত্তাশী ইউনিয়ন ও রাজলক্ষ্মী হাইস্কুল মাঠে পাড়েরহাট ইউনিয়নের সুবিধাবঞ্চিতদের মাঝে পৃথকভাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল
গতকাল জেলা পুলিশ পিরোজপুরের উদ্যোগে এক ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে অংশ নেন। এ ইফতার মাহফিলে পিরোজপুর জেলা শহরের বিচার বিভাগীয় কর্মকর্তা, সরকারি কমকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইমাম, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবীসহ বিভিন্ন মুসল্লি ও রোজাদারগণ শরিক হন। এ ছাড়া জেলা ও বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ইফতারে অংশ নেন।
পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, জেলা ও দায়রা জজ গোলাম কিবরিয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আকন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, পরিবেশ ও বন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন মহারাজ প্রমুখ সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছাড়া কাউখালীর উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জিয়ানগরের উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ইফতারে অংশ নেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিপি অ্যাডভোকেট খান মোঃ আলাউদ্দিন। আরো ছিলেন নাগরিক নেতা অ্যাডভোকেট এম এ মান্নান, আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদল, প্রেসক্লাব সভাপতি মাহামুদ হোসেন শুকুর, জেলা প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু প্রমুখ।
ভাণ্ডারিয়া সংবাদদাতা জানান, জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র উপস্থিতিতে গতকাল উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, ভাণ্ডারিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণ এবং নদমূলা হাইস্কুল প্রাঙ্গণে স্ব স্ব এলাকার সুবিধাবঞ্চিতদের মাঝে পৃথকভাবে কাপড় বিতরণ করা হয়। এ ত্রাণ কাজ কালে আরো উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইউএনও ও পৌর প্রশাসক মোঃ রুহুল কুদ্দুস, নদমূলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী প্রমুখ। মন্ত্রী সকালে নদমূলায় চাঁনবরু নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করেন।
