‘ভোটে দাঁড়াবেন না’ শেষ মুহূর্তে ঘোষণা মায়াবতীর

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৪৫

 

বুধবার লখনউতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী নিজের সিদ্ধান্তের কথা জানান। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন না তিনি। এটি জানিয়ে দিলেন। শেষ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত, তা খোলসা করেননি মায়াবতী। তবে নিজে না লড়লেও, দলীয় প্রার্থী এবং জোটসঙ্গী সমাজবাদী প্রার্থীর হয়ে প্রচার চালিয়ে যাবেন বলে জানান তিনি। খবর আনন্দবাজার পত্রিকার

তিনি বলেন, ‘‘চাইলেই লোকসভা নির্বাচনে জিততে পারি আমি। তবে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে দলের অবস্থান বেশ মজবুত। তাই না লড়ার সিদ্ধান্ত নিয়েছি। দল আমার সিদ্ধান্তকে সম্মান জানাবে বলে নিশ্চিত আমি। পরে প্রয়োজন পড়লে যেকোনও আসন খালি করে ভোটে দাঁড়াতে পারি।’’ সবদিক খতিয়ে দেখে, দেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মায়াবতী। তবে কোন রাজনৈতিক পরিস্থিতিতে তাকে এমন সিদ্ধান্ত নিতে হলো, তা সবিস্তার জানাননি। তবে তার যুক্তি, ‘‘আমি লড়লে সকলে আমার কেন্দ্রে গিয়েই প্রচার করবেন। এতে বাকি আসনে প্রভাব পড়তে পারে। তাই দল এবং সাধারণ মানুষের কল্যাণেই এই সিদ্ধান্ত নিয়েছি।’’

আগামী ১১ এপ্রিল থেকে সাতদফায় দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন। যার মধ্যে উত্তরপ্রদেশেই ৮০টি আসনে নির্বাচন। সেখানে বিজেপিকে রুখতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট গড়েছিলেন মায়াবতী। ওই ৮০টি আসনের মধ্যে ৩৮টি আসনে লড়তে চলেছে তার বহুজন সমাজ পার্টি। ৩৭টিতে সমাজবাদী পার্টি। তিনটি আসনে প্রার্থী দাঁড় করাবে রাষ্ট্রীয় লোকদল। তবে রাহুল গান্ধীর অমেঠি এবং সোনিয়া গান্ধীর রায়বেরেলির আসন দুটি খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এমন পরিস্থিতিতে মায়াবতীর সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল। মায়া অখিলেশের জোটের জন্য সাতটি আসন খালি রাখায় সম্প্রতি মায়বতীর তোপের মুখে পড়েছিল কংগ্রেস। মায়াবতীর সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি তারা। বিবৃতি দেননি মায়াবতীর জোটসঙ্গী অখিলেশ যাদবও।