শ্রমিক নির্যাতন : গাজীপুরে সড়ক অবরোধ

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৮:০৬
গাজীপুরে পোশাক শ্রমিককে নির্যাতনের প্রতিবাদ ও ঈদের ছুটি ১০ দিন করার দাবিতে সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুর করেছে শ্রমিকরা।
 
রবিবার বিকালে গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড নামক গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকরা ১০ দিনের ছুটি দাবি করে করে আসছিল। রবিবার কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে ৮ দিনের ছুটির কথা জানায়। এতে শ্রমিকরা এ ছুটি না মেনে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করতে থাকে। এ ছাড়া এক শ্রমিককে নির্যাতন করা হয়েছে এমন খবরে শ্রমিকরা গাজীপুর-ঢাকা- সড়কে নেমে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা ওই সড়কে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে ৪টার দিকে ওই সড়কে যানচলাচল শুরু হয।
 
জয়দেবপুর থানার এসআই আল আমিন জানান, মহিম নামে এক কারখানার শ্রমিককে নির্যাতন করার ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা- জয়দেবপুর সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।