যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যাকে বিপর্যয় হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত এক শতাব্দীর মধ্যে এমন বন্যা আর কখনো দেখা যায়নি। অঙ্গরাজ্যটিতে প্রবল বর্ষণে নদীর পানি উপচে পড়ে রাস্তা-ঘাট, বাড়ি-ঘর, গাছপালা ভাসিয়ে নিয়ে গেছে। পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে সেখানকার ৫৫ কাউন্টির ৪৪ টিতেই জরুরি অবস্থা জারি করা হয়।
বন্যায় সেখানে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন। মারাত্মকভাবে আক্রান্ত তিনটি কাউন্টিতে ফেডারেল সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। রাজ্যটির গভর্নর আর্ল রে টম্বলিনের অনুরোধের পর তিনি ঐ নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দাদের অস্থায়ী বাসস্থান এবং তাদের ঘর-বাড়ি মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
IMG0
গভর্নর জানিয়েছেন, ফেডারেল কানাহোয়া, গ্রিনব্রিয়ার ও নিকোলাস কাউন্টির বাড়ি-ঘর মেরামতসহ চিকিত্সা সংক্রান্ত সহায়তা দিচ্ছে ফেডারেল সরকার। কর্মকর্তারা বিভিন্ন এলাকার ক্ষয়-ক্ষতি নিরূপণ করছেন এবং আর কোথাও সহায়তার প্রয়োজন রয়েছে কিনা সেটিও নজরে রাখছেন বলে জানান তিনি। এদিন ৩০ হাজারের বেশি বাড়ি-ঘরে এবং বাণিজ্যিক এলাকাগুলোতে বিদ্যুৎ ছিল না। পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরগুলো।
ওয়েস্ট ভার্জিনিয়ায় বার্ষিক যে বৃষ্টিপাত হয় একদিনে তার এক-চতুর্থাংশ বৃষ্টিপাত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর একথা জানিয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবারই ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়। প্রবল বর্ষণে শতাধিক ঘর-বাড়ি ভেঙ্গে গেছে সেখানে। -বিবিসি
