ইত্তেফাক রিপোর্ট
আগামী ২৬ মার্চ থেকে ধানমন্ডি-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর রুটে আধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সভাকক্ষে গতকাল বুধবার সাঈদ খোকনের সভাপতিত্বে বাস রুট রেশনালাইজেশন কল্পে গঠিত কমিটির চতুর্থ সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।
মেয়র বলেন, বাস রুট রেশনালাইজেশনের জন্য আমাদের দুই বছর সময় লাগবে। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে আমরা দুই তিন মাস ঠিকমতো কাজ করতে পারিনি। আমরা সেই সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছি।
জানা যায়, চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি বাস থাকবে। এতে ৩৬টি স্পট করে দেওয়া হবে। এ সব স্পটে বাসগুলো এসে নির্ধারিত সময়ে জন্য অপেক্ষা করবে। এ সব কাউন্টারে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একটি করে বাস আসবে। এ থেকে সামান্য সময় অপেক্ষা করে যাত্রী নিয়ে চলে যাবে। নির্ধারিত ভাড়ায় বাসগুলো চলবে। এ এলাকায় অন্যবাস চলবে না।
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের মুখ্য সমন্বয়ক আবুল কালাম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ।
