ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে গণভোটে রায় দেয়ার পর দেশটিতে নতুন করে বর্ণবাদ মাথাচাড়া দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্রিটেনে বসবাসরত মুসলমান ছাড়াও পোল্যান্ড, রোমানিয়া ও পূর্ব ইউরোপ থেকে যাওয়া লোকজন বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন।
সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ শুক্রবার গণভোটের ফলাফলের গত কদিনে বর্ণবাদী আচরণ নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছেন। তারা বলছেন, ব্রেক্সিটের পর মনে হচ্ছে বর্ণবাদ স্বীকৃতি পেতে চলেছে ব্রিটিশ সমাজে।
মুসলমান লোকজনকে দেখে 'বেরিয়ে যাও, আমরা তোমাদের বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছি' এমন চিৎকার করতে দেখা গেছে বলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছে।
ওয়েলসের কারফিলি শহরে কনজারভেটিভ পার্টির নেতা সাজিয়া আওয়ান লিখেছেন, শুক্রবার তার টুইটারে একজন তাকে ব্যাগ-বাক্স গুটিয়ে চলে যেতে লিখেছেন। 'অথচ আমার জন্ম ব্রিটেনের কারফিলিতে।'
