ঈদে থাকুন ফুরফুরে

আপডেট : ২৮ জুন ২০১৬, ১০:৫৮
 
দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো এখন ঈদকেন্দ্রিক ব্যস্ততায় কাটাচ্ছে। ডিজাইনারদের ঈদের সময়টায় নিত্যনতুন ডিজাইন আসে মূলত উত্সবের রং, ক্রেতা চাহিদা ও ফ্যাশন ট্রেন্ড থেকে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার বদৌলতে ইন্ডিয়া ও পাকিস্তানি ফ্যাশন এখন প্রকট এদেশীয় ডিজাইনে।

 

ফেব্রিক বৈচিত্র্য থেকে প্যাটার্ন বা ডিজাইন এখন সবকিছুতে কনটেম্পরারি টুইস্ট দিতে যেন উত্সাহী ফ্যাশন ট্রেন্ডের প্রতিনিধিরা। নিরীক্ষা এখন বুনন, নকশা, প্রিন্ট, ম্যাটেরিয়াল ও এমবেলিশমেন্ট নিয়েও। শহুরে তরুণীরা এখন আরো বেশি সচেতন ফ্যাশন ট্রেন্ড, কালার ফোরকাস্টিং বা প্যাটার্ন বা ফেব্রিক বৈচিত্র্যের বিষয়গুলো জানতে। ক্রেতা চাহিদার প্রভাব তাই দেশীয় রেডি টু ওয়ার ফ্যাশন ব্র্যান্ডগুলোতেও। এসব ব্র্যান্ডের দেশীয় ডিজাইনে স্বভাবতই পাশ্চাত্য কাট অনুসরণ এখন বেশ লক্ষণীয়। তবে, ঈদের সময়টায় ক্যাজুয়াল পোশাক-আশাক নির্ভর করবে আপনার রুচি ও শারীরিক গঠন এবং বয়সের উচ্ছলতার উপর।

 

ঈদ যেহেতু গরমে তাই পোশাক হিসেবে এবার আরামদায়ক কাপড় ও ঢিলেঢালা কাটই বেশি ফোকাস ইন। এই সময়ে ফ্যাশন করতে পছন্দ করেন এমন টিনেজরা ফিটিং টিউনিক টপস, কাফতান, স্টাইলিশ কুর্তা বেছে নিতে পারেন অনায়াসেই। অন্যদিকে এসব পোশাকই আবার অনায়াসে মানিয়ে যাবে ত্রিশের কোটায় আছেন এমন নারীকে। তবে এ ক্ষেত্রে কাট ও নকশায় কিছুটা পরিবর্তন আসবে। ছোট কাফতান না পরে একটু লম্বা কাফতান বেছে নিলেই ভালো লাগবে। টপসের রং গাঢ় না হলেই মানিয়ে যাবে বয়স ও ব্যক্তিত্বের সঙ্গে। আর ওভার সাইজড ফ্যাশন এখন তুঙ্গে, তাই অনায়াসেই ব্যবহার করতে পারেন একটু বেশি লেন্থের স্টেকাটার টপসও। এক লেয়ারের ফ্যাশন করতে গেলে অবশ্যই বটমটাও হতে হবে মানানসই। গরমে পরার জন্য সবচেয়ে মানানসই হবে নিট, সুতি ও লিলেন কাপড়ের তৈরি পোশাক। কেউ লেয়ারিং ফ্যাশন পছন্দ করলে ব্যবহার করতে পারেন টপস বা ইনারের উপর হালকা একটি সামার জ্যাকেট। স্লিভলেস ছাড়াও এসময়ে ম্যাগি হাতা এবং থ্রি-কোয়ার্টার হাতার পোশাকে লাগবে ফুরফুরে। গরমে গর্জাস উপস্থাপনার জন্য সাধারণ কুর্তি বা টপসে ফ্রিল ব্যবহার বেশ চলছে। এদিকে টপসের দৈর্ঘ্য আগের তুলনায় বেড়েছে। দেশীয় উপাদানের সঙ্গে ওয়েস্টার্ন কাট যুক্ত হয়েছে। আগে শর্ট টপসের প্রচলন বেশি থাকলেও এখন হাঁটু সমান বা তার থেকে লম্বা টপসের প্রচলন বেশি দেখা যায়। আবার ঢিলেঢালা টপসের পাশাপাশি একটু চাপা ধরনের টপসের চাহিদাও রয়েছে। এবছরেও থাকবে নেটের ট্রেন্ড। নেটের পোশাকের ক্ষেত্রে কালো রঙই বেশি জনপ্রিয়। এক্ষেত্রে পার্পেল, সাদা কিংবা ধূসর রঙও বেছে নিতে পারেন। এধরনের ঈদের পোশাক তৈরি করেছে অঞ্জন’স, ক্যাটস আই, আইকনিক ফ্যাশন গ্যারেজ, ইয়োলো, সেইলর, এক্সট্যাসি। কুর্তিগুলো পাওয়া যাবে ১৮০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে।