যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একজন হাইতিয়ান নারী অপরিণত মস্তিষ্কের এক শিশুর জন্ম দিয়েছেন। জিকা ভাইরাসের সংক্রমণের কারণে শিশুটি মাইক্রোসেফালি নামক এই ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে।
জিকা ভাইরাসের সংক্রমণের কারণে ফ্লোরিডায় এই প্রথম এ ধরনের ত্রুটি নিয়ে শিশুর জন্ম হল বলে মঙ্গলবার ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। ওই নারী তার নিজের দেশ হাইতিতে এডিস মশাবাহিত জিকা ভাইরাসের সংক্রমণের শিকার হন। এরপর শিশুর জন্ম দেওয়ার জন্য তিনি ফ্লোরিডায় ফিরে আসেন বলে এক বিবৃতিতে রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন।
বিষয়টি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র নিশ্চিত করলে এ হবে দেশটিতে অপুষ্ট মস্তিষ্ক নিয়ে জন্মানো পঞ্চম শিশু যাদের মায়েরা জিকার প্রাদুর্ভাব রয়েছে এমন দেশ ভ্রমণ করেছিলেন। এর আগে আরও চার গর্ভবতী নারী অপুষ্ট মস্তিষ্কের শিশুর জন্ম দিয়েছেন। তারা প্রত্যেকেই ভ্রমণজনিত কারণে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মশাবাহিত এই ভাইরাসে কেউ আক্রান্ত হননি। সূত্র: রয়টার্স
