আশুলিয়ায় বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৮:১৪
 
ঢাকার আশুলিয়ায় ছাঁটাইকৃত শ্রমিকদেরকে চাকরিতে পুনর্বহালসহ বেতন-বোনাসের দাবিতে কারখানা ঘেরাও করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বুধবার দুপুরে চারাবাগ এলাকার এইচডিএফ টেক্সটাইলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখায়।
 
বিক্ষোভ চলাকালে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা আহ্বায়ক শাহ আলম হোসাইনসহ বেশ কয়েকজন শ্রমিক নেতা ছাঁটাইকৃত শ্রমিকদের পক্ষে অবস্থান নেন।
 
শ্রমিক নেতা সৌমিত্র কুমার দাস বলেন, গত ১৩ই জুন থেকে মালিকপক্ষ কোনো কারণ ছাড়াই প্রায় ১২০ জন শ্রমিককে ছাঁটাই করেছে। আবার অনেক শ্রমিককে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বের করে দিয়েছে। তাদের জুন মাসের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস এখনও পরিশোধ করা হয়নি। বিষয়টি মালিকপক্ষ, প্রশাসন ও বিজিএমইএকে লিখিতভাবে জানালেও শ্রমিকের পাওনা পরিশোধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
 
এ ব্যাপারে শিল্প পুলিশের পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, সকল শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করে মঙ্গলবার থেকে ঈদের ছুটি দিয়ে এইচডিএফ টেক্সটাইল কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কিন্তু ছাঁটাই করা কিছু শ্রমিক শ্রম আইন অনুযায়ী দুই মাসের অগ্রিম বেতনের দাবিতে বন্ধ কারখানার সামনে বিক্ষোভ করেছে। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে।